দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খাগড়াছড়ির মহালছড়িতে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানি কমতে শুরু করলেও এখনো হাজারো পরিবার পানিবন্দি রয়েছে। দুর্গত মানুষের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে মহালছড়ি সেনা জোন।
মহালছড়ি সেনা জোনের উদ্যোগে বন্যাকবলিত ও পানিবন্দি মানুষের জন্য ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প পরিচালনার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হচ্ছে। দুর্গম ও বিচ্ছিন্ন এলাকায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে সেনাবাহিনীর মেডিকেল দল ইঞ্জিনচালিত নৌকায় নদীপথে বিভিন্ন এলাকায় গিয়ে রোগীদের চিকিৎসা দিচ্ছে।
মহালছড়ি সেনা জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন বোরহান উদ্দিন বলেন, ‘বন্যা পরিস্থিতিতে অনেক মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। যেসব এলাকার মানুষ বন্যার কারণে চিকিৎসা নিতে পারছেন না, আমরা তাদের দোরগোড়ায় গিয়ে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করছি।’
তিনি জানান, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মহালছড়ি সেনা জোনের এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এমএম/